মোঃ কায়েস উদ্দিন বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া সাব-রেজিস্টার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষুদ্র উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ এবং ইন্সট্রাক্টর আনারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নানসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন সেবা সরাসরি গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এর আগে জাতীয় পর্যায়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে উপজেলা পর্যায়ে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।


0 Comments