Header Ads Widget

 


সংবাদ প্রকাশের পর বড়াইগ্রামে সড়ক নির্মাণকাজে ব্যবস্থা, নিম্নমানের খোয়া-বালু অপসারণ



 বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাকসা–বাগডোব সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয়দের অভিযোগ ছিল, সরকারি অর্থে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এই সড়কে মানসম্মত উপকরণ ব্যবহার না করে দুই নম্বর ও চার নম্বর খোয়া এবং নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অনেক স্থানে পানি ব্যবহার না করেই রোড রোলার চালানোর ঘটনাও দেখা গেছে বলে দাবি করেন এলাকাবাসী। এতে করে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয়দের মধ্যে।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বড়াইগ্রাম উপজেলা এলজিডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) বিষয়টি আমলে নেয়। পরে এলজিডির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সড়ক নির্মাণে ব্যবহৃত নিম্নমানের খোয়া, ইট ও বালু অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে সেই নিম্নমানের সামগ্রী উত্তোলন করে সরিয়ে ফেলা হয় এবং ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে পুনরায় কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এখন থেকে সড়ক নির্মাণকাজে সঠিক মান বজায় রাখা হবে এবং কাজের যথাযথ তদারকি করা হবে।

এলাকাবাসীর মতে, যথাযথ তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে উন্নয়নমূলক প্রকল্পে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে আসবে।

Post a Comment

0 Comments