Header Ads Widget

 


লালপুরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে শিশু রোগী


 লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ভর্তির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে লালপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শিশু ও বয়স্কদের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী। প্রচণ্ড শীতের কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না। এতে দৈনিক আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

এদিকে শীতের তীব্রতায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বেড়েছে। অনেক এলাকায় শীতবস্ত্রের অভাবে অসহায় ও দরিদ্র মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেশি চোখে পড়ছে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন রোগী। তাঁদের অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৩ জন শিশু। ভর্তি শিশুদের মধ্যে ১১ জন ছেলে ও ১২ জন মেয়ে। এ ছাড়া ঠান্ডাজনিত নানা জটিলতায় বেশ কয়েকজন বয়স্ক রোগীও চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম বলেন, শীতজনিত কারণে বর্তমানে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শীতের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। তিনি বিশুদ্ধ পানি পান, গরম কাপড় ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ঈশ্বরদী-লালপুর অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি এবং মঙ্গলবার ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ২ হাজার ৫৮৫টি কম্বল বিতরণ করা হয়েছে। শীত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment

0 Comments