মশিউর রহমান রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এবার গবেষণা ও প্রবন্ধ জালিয়াতি এবং শর্তসাপেক্ষে পদোন্নতির অভিযোগ পাওয়া গেছে । এসব শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী থেকে সহযোগী আবার কেউ কেউ সহযোগী থেকে অধ্যাপক (প্রফেসর) পদে পদোন্নতি নিয়েছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ( ইউজিসি) শর্ত থাকলেও তা পূরণ না করেই তারা বেতনভাতা তুলছেন নিয়মিত। সম্প্রতি পদত্যাগ করা ভিসি গোলাম সাব্বির সাত্তার তাপুর আমলে পদোন্নতিপ্রাপ্ত এসব শিক্ষকের বিরুদ্ধে রয়েছে আরও নানা অভিযোগ। শর্তসাপেক্ষে পদোন্নতির বিধিবিধান না থাকলেও বিগত আওয়ামী প্রশাসনের অনুগত এবং সাবেক ভিসির আস্থাভাজন হওয়ায় বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব শিক্ষকের পদোন্নতি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এই বিষয়ে রাবির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব সাংবাদিতকদের জানান, কারো জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সেটির কঠোর ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পদোন্নতিপ্রাপ্ত এসব শিক্ষকদের মধ্যে আইন বিভাগের ৫জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন, ইতিহাসের ১ জন, টুরিজম ও হসপিটালিটির ২ জন, ইনসুরেন্স এর ১ জন, আইইআর এর ২ জন এবং তথ্যবিজ্ঞান ও লাইব্রেরি ম্যানেজমেন্ট এর ১ জন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও বিগত ১৫ বছরে আওয়ামী লীগ শাসন আমলে একই পন্থায় শতাধিক শিক্ষকের পদোন্নতি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহযোগী থেকে প্রফেসর ও সহকারী থেকে সহযোগী হিসেবে পদোন্নতির জন্য এসব জালিয়াতির সাহায্য নিয়েছেন।


0 Comments